মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুন্সীরবাজার এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুন্সীরবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা চালবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে বাসটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত দুজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসের হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আহত যাত্রীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। সামনে থাকা ট্রাককে অতিক্রম করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, 'দুর্ঘটনার পরে যানচলাচল কিছুক্ষণ ব্যাহত হলেও দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। সাকুরা নামক পরিবহনটি দুর্ঘটনার শিকার হয়েছে। তবে আমরা এখনো হতাহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হতে পারিনি।'
পিএম