চাঁদপুর সফরের উদ্দেশে রওয়ানা হয়ে কুমিল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লার বরুরা উপজেলার লক্ষ্মীপুরে পথসভায় যোগ দেবেন তিনি। যাত্রাপথে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।
দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন, ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতাকর্মী, দাউদকান্দিতে এমপি আতিকুল ইসলাম শাওন, বুড়িচং উপজেলার নিমসার বাজারে এমপি জসিম উদ্দিন ও কুমিল্লা পদুয়ার বাজারে এমপি মনিরুল হক চৌধুরীর নেতাকর্মীরা উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে আজ শনিবার (১৬ মে) সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এখন তিনি গাড়িতে আছেন।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর। সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। সফরে তারেক রহমান দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরে বিকেল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।
এইচএ