চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছেলের মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছেলের কিল-ঘুষি ও লাথিতে আবু আহম্মদ ডিলার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু আহম্মদ ডিলার একই এলাকার বিশ্বটিলা ডিলার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলে ইব্রাহিম মিলনের মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। প্রায়ই এ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হতো। ঘটনার দিনও মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছেলে মিলন তার বাবাকে কিল-ঘুষি ও তলপেটে লাথি মারলে গুরুতর আহত হন আবু আহম্মদ ডিলার। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদ আব্দুল হালিম জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তলপেটে আঘাতের কারণেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ইখা