ক্ষুদ্রঋণভিত্তিক প্রতিষ্ঠান আম্বালা ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির কর্মএলাকার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চার পদে মোট ৩৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অভিজ্ঞদের জন্য এলাকা ব্যবস্থাপক পদে ১০ জন ও শাখা ব্যবস্থাপক পদে ৩০ জন এবং অনভিজ্ঞদের জন্য শাখা হিসাবরক্ষক পদে ১০০ জন ও ক্রেডিট অফিসার পদে ২৫০ জন নেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় সংস্থাটির কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশের যেকোনো জেলার আগ্রহী প্রার্থীরা এসব পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী ৬ নভেম্বর সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া এ. জেড. খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
যেসব পদে নিয়োগ
এলাকা ব্যবস্থাপক: এ পদে ১০ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪৫ বছর। জাতীয় পর্যায়ের কোনো এনজিও বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এমএফআই) থেকে এলাকা ব্যবস্থাপক বা রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে এ পদে কর্মরত নন, এমন প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই।
শিক্ষানবিশকালে মাসিক বেতন ৫৪ হাজার ৭০০ টাকা। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে বেতন ৬২ হাজার ৯২৮ টাকা। এ ছাড়া মাসিক জ্বালানি খরচ বাবদ সর্বোচ্চ ৪ হাজার ৫৫০ টাকা দেওয়া হবে। বেতনের সঙ্গে একক আবাসন ভাতা হিসেবে ১ হাজার ৫০০ টাকা যুক্ত রয়েছে।
শাখা ব্যবস্থাপক: এ পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর। জাতীয় পর্যায়ের কোনো এনজিও বা এমএফআই প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে দুই বছর এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে মোট ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বর্তমানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত নন, এমন প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই।
শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪০ হাজার ১২০ টাকা। স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে বেতন ৪৭ হাজার ৮১২ টাকা। এ ছাড়া মাসিক জ্বালানি খরচ বাবদ সর্বোচ্চ ৩ হাজার ৫৫০ টাকা দেওয়া হবে।
শাখা হিসাবরক্ষক: এ পদে অনভিজ্ঞ ১০০ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে ডিগ্রিধারী এবং বি.কম বা এম.কম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
এ পদে প্রশিক্ষণকাল দুই মাস। এ সময়ে মাসিক ৫ হাজার টাকা হারে ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২২ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন-ভাতা ২৬ হাজার ২৩৪ টাকা। এ ছাড়া অফিসিয়াল যাতায়াতের প্রকৃত খরচ দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
ক্রেডিট অফিসার: এ পদে অনভিজ্ঞ ২৫০ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
এ পদেও প্রশিক্ষণকাল দুই মাস। এ সময়ে মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ২৮ হাজার ৬০০ টাকা এবং স্থায়ীকরণের পর বেতন-ভাতা ৩৩ হাজার ২৩৪ টাকা। এ ছাড়া মাসিক জ্বালানি খরচ বাবদ সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের আম্বালা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান পদে কর্মরত থাকার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সরাসরি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষার রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা, যা অফেরতযোগ্য। সাক্ষাৎকারের সময় সব সনদপত্রের মূল কপি দেখাতে হবে। তবে মূল সনদপত্র জমা রাখা হবে না।
জামানত ও অন্যান্য শর্ত
চাকরিতে যোগদানের সময় এলাকা ব্যবস্থাপক ও শাখা ব্যবস্থাপক পদে ২৫ হাজার টাকা এবং শাখা হিসাবরক্ষক ও ক্রেডিট অফিসার পদে ২০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জামানতের অর্থ লভ্যাংশসহ ফেরতযোগ্য। এ ছাড়া সব পদের জন্য জামিনদারের এমআইসিআর ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে।
সব পদের শিক্ষানবিশকাল ছয় মাস। কর্মীদের জন্য বছরে বৈশাখী ভাতাসহ তিনটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, এলপিআর, সপ্তাহে দুই দিন ছুটি এবং নির্দিষ্ট মেয়াদ পূর্তিতে অর্জিত ছুটির সুবিধা রয়েছে।
মাঠপর্যায়ে শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও ক্রেডিট অফিসার পদে পুরুষ কর্মীদের বিনা খরচে একক আবাসন সুবিধা দেওয়া হবে। নারী কর্মীরা বেতনের অতিরিক্ত মাসিক ১ হাজার টাকা একক আবাসন ভাতা পাবেন। এলাকা ব্যবস্থাপক পদের বেতনের সঙ্গে একক আবাসন ভাতা হিসেবে ১ হাজার ৫০০ টাকা যুক্ত রয়েছে।
আবেদনকারীদের চট্টগ্রাম বিভাগের আম্বালা ফাউন্ডেশনের কর্মএলাকাসহ বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক।
আরও বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে
