ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো হুমকি দেওয়া হলে আগের চেয়েও কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এ ক্ষেত্রে দেশটির কোনো সীমারেখা মানবে না বলে জানান তিনি।
রবিবার (০১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
ইব্রাহিম আজিজি বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত ও বাধ্যতামূলক। যেকোনো হুমকির জবাব আগের চেয়ে আরও কঠোরভাবে এবং তাৎক্ষণিক দেওয়া হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান কিংবা লক্ষ্যবস্তুর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না।
ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে আজিজি বলেন, দেশটির বিচক্ষণ ও দৃঢ়প্রতিজ্ঞ সর্বোচ্চ নেতার নির্দেশ চূড়ান্ত এবং এ নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই।
তিনি বলেন, যেকোনো হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও আরও কঠোর জবাব দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকবে না এবং সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও উন্মুক্ত থাকবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে আজিজি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে অধিকৃত ভূখণ্ড বসবাসের অনুপযোগী করে দেওয়া হবে।
এমআর-২