দিনাজপুরের কাহারোল উপজেলায় ঐতিহাসিক কান্তজিউ মন্দির ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে মাঠে ক্রিসমাস নামের একটি বৃক্ষরোপণ করেন তিনি।
মঙ্গলবার সকালে মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন ও আরতিতে অংশ নেন।
পরে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন টেরাকোটাশিল্প সমৃদ্ধ কান্তনগর মন্দির ঘুরে দেখেন এবং এর ইতিহাস, স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত হন। এর পর তিনি নয়াবাদ মসজিদ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহ, দেবোত্তর কমিটির সদস্য ডা. ডিসি রায় প্রমুখ।
এরপর পার্শ্ববর্তী ঐতিহাসিক নয়াবাদ মসজিদও পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে অন্যদের পাশাপাশি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলামও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কান্তনগর মন্দির বাংলাদেশের অন্যতম প্রাচীন ও দর্শনীয় প্রত্নতাত্ত্বিক স্থাপনা। অষ্টাদশ শতকে নির্মিত মন্দিরটি টেরাকোটার অনন্য কারুকাজের জন্য দেশ-বিদেশে ব্যাপক পরিচিত। প্রতি বছর বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ও গবেষক এই ঐতিহাসিক স্থাপনাটি পরিদর্শনে আসেন।
এনআই