মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার তালাবন্ধ ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মসজিদের ইমামের থাকার ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের সঙ্গে ইমাম মাওলানা মো. আকাশ হাওলাদারের থাকার ঘর। গত ৫ দিন ধরে ইমাম মসজিদে নেই। অসুস্থতার কারণে ইমাম মো. আকাশ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবর্তমানে ওই মসজিদের মোয়াজ্জেম মো. আলাউদ্দিন ওলিল আকনসহ তিনজনের কাছে ইমাম আকাশের ঘরের চাবি রাখা ছিল। মঙ্গলবার বিকেলে মসজিদের সঙ্গেই থাকা ইমাম আকাশের ঘর থেকে হঠাৎ বিকট শব্দে হাতবোমা বিস্ফোরিত হয়। এ সময় ইমামের ঘরের টিনশেড বেড়া বোমার আঘাতে উড়ে যায়। বোমার বিকট শব্দ শুনে মূহুর্তেই ওই মসজিদের সামনে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের ইমামের থাকার ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ ও বোমা রাখার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এনআই