জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ক্লাবের আয়োজনে শেষ হলো পাবলিক স্পিকিং প্রতিযোগিতা 'অরেটরস এজ ২.০'–এর চূড়ান্ত পর্ব। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জমকালো এই ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. সাগর উদ্দীন।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন দর্শন বিভাগের আশকা আলম এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আরেক শিক্ষার্থী মনির বেপারী।
শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস, গঠনমূলক চিন্তাভাবনা এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হয় এবারের আসর। প্রথম ধাপে অনলাইনে যেকোনো বিষয়ের ওপর ভিডিও জমা দেওয়ার মাধ্যমে শুরু হয় বাছাই পর্ব।
বাছাই শেষে ২১ জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল বা দ্বিতীয় ধাপ। এই ধাপে লটারির মাধ্যমে তাৎক্ষণিকভাবে নির্ধারিত বিষয়ের ওপর উপস্থিত বক্তৃতা প্রদান করেন প্রতিযোগীরা। সেমিফাইনালে নিজেদের মেধা, স্বতঃস্ফূর্ততা ও অসাধারণ বাচনভঙ্গির প্রমাণ দিয়ে চূড়ান্ত পর্বের টিকিট পান সেরা ১০ জন বক্তা। বুধবার গ্র্যান্ড ফিনালেতে এই ১০ জন প্রতিযোগী তাদের পূর্বনির্ধারিত বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন।
চূড়ান্ত পর্বে বিচারকের আসনে ছিলেন বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের এইচআর ও অ্যাডমিন বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ আরেফিন রহমান, গ্রামীণফোন লিমিটেডের ময়মনসিংহ সার্কেলের প্রোডাক্ট ও প্রজেক্ট লিড জাহিদুল ইসলাম এবং সিসিআই বাংলাদেশের অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েট (ইনভেন্টরি কন্ট্রোলার) মো. হাবিবুর রহমান। বিচারকেরা প্রতিযোগীদের বিষয়বস্তু, আত্মবিশ্বাস, উপস্থাপনার ধরন ও উপস্থিতির ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
আয়োজক সংগঠন জাককানইবি মার্কেটিং ক্লাবের সভাপতি মো. তানভীর আহাম্মেদ বলেন, "শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও কথা বলার জড়তা কাটানোর লক্ষ্যেই আমাদের এই আয়োজন। অভিজ্ঞ বক্তা হোক বা প্রথমবারের মতো মঞ্চে ওঠা কেউ, সবার জন্যই এটি ছিল নিজেদের প্রমাণ করার দারুণ একটি প্ল্যাটফর্ম।"
বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার এই বর্ণিল আয়োজন।
এসআর