বরগুনার পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ সাকিব (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক সাকিব পাথরঘাটা সদর ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গ্রামের জাকির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার ৪ নম্বর পাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব স্থানীয় বাদল ডাক্তারের বসতঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।
পুলিশের দাবি, আটক সাকিবের নিজ হাতে বের করে দেওয়ার তথ্য অনুযায়ী, তার পরিহিত লুঙ্গির পেছনের কোচর থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ইয়াবাগুলো জব্দ করা হয়। পাথরঘাটা থানার এসআই (নিরস্ত্র) আবু জাফর সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, এ ঘটনায় আটক সাকিবের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর-৪, তারিখ ২ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে।
এইচএসএস