জার্মানি থেকে ইসরায়েলের উদ্দেশে যাত্রা শুরু করেছে ‘ড্রাকন’ সাবমেরিন। জার্মান ও ইসরায়েলি যৌথ পরিকল্পনা ও নির্মাণপর্ব শেষে সাবমেরিনটি ইসরায়েলের উদ্দেশে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়, এটি ইসরায়েলকে সরবরাহ করা ষষ্ঠ সাবমেরিন। সাবমেরিনটি জার্মানির কিল শহরে অবস্থিত জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান TKMS-এর শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে।
এ যাত্রা শুরুর অনুষ্ঠানে ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা, বার্লিনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এবং জার্মান নৌবাহিনীর কমান্ডার উপস্থিত ছিলেন।
বিবৃতিতে বলা হয়, ড্রাকন হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নৌবাহিনীর চুক্তির আওতায় নির্মিত ডলফিন শ্রেণির AIP সিরিজের তৃতীয় ও সর্বশেষ সাবমেরিন।
এতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে। ইসরায়েলকে বৈশ্বিক সামরিক প্রযুক্তির অগ্রভাগে রাখতে এবং বহু বছর ধরে দেশটির নৌবাহিনীর সামরিক সক্ষমতা ও কার্যক্রম পরিচালনার দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার আইয়াল হ্যারেল বলেন, বহু বছরের চিন্তাভাবনা, পরিকল্পনা, উন্নয়ন, নির্মাণ, উদ্ভাবন ও পরিশ্রম আজ বাস্তব রূপ পেয়েছে। নৌবাহিনী, ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইসরায়েলের ভবিষ্যৎ সাবমেরিন এখন নিজ দেশে ফেরার যাত্রা শুরু করেছে।
তিনি বলেন, সাবমেরিনটি আরও উন্নত সক্ষমতা, দীর্ঘতর কার্যপরিসর, দীর্ঘ সময় মিশনে থাকার সক্ষমতা এবং উল্লেখযোগ্য সামরিক শক্তি নিয়ে আসবে।
হ্যারেল আরও বলেন, প্রশিক্ষিত যোদ্ধা ও কমান্ডাররা দেশের বাইরে দূরবর্তী এলাকায় গোপনে ও নীরবে সাবমেরিনটি পরিচালনা করবেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের ওপরই থাকবে।
সূত্র: নেভাল টেকনোলজি
এবি