সংসদের হুইপ ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নুরুদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রায় আধা ঘণ্টা অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা জানান, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই কল রেকর্ডে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলে তাঁদের অভিযোগ।
বিক্ষোভকারীরা আরও বলেন, দলীয় নেতার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলাভঙ্গের পাশাপাশি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। তাঁরা বিষয়টি তদন্ত করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর ও সাবেক যুবদল নেতা নজরুল ইসলাম লিটন মুন্সিকে বহিষ্কারের দাবি জানান।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
জেলা বিএনপির নেতারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা সড়ক অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, আমাদের নেতার বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তা মেনে নিব না আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি। তবে আমাদের দাবি মানা না হলে আমরা পরবর্তীতে আরো কর্মসূচি দিব।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, গত ২৯ অক্টোবর ভাইরাল হওয়া একটি কল রেকর্ডের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। এর প্রতিবাদে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল একত্রিত হয়ে অভিযুক্ত মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে প্রথম দিনে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও জেলা বিএনপির কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আমাদের আশ্বস্ত করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রতিটি উপজেলা ও থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এ বিষয় শরীয়তপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, জেলা যুবদল ছাত্রদলের স্বেচ্ছাসেবক দল একটি লিখিত অভিযোগ দিয়েছে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপুর বিরুদ্ধে। আমরা তাদের আশ্বস্ত করেছি এবং বিষয়টি আমার উপ মহল কে জানাবো। এবং আমাদের দলীয়ভাবে বিষয়টি দেখব। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।
তবে অভিযোগের বিষয় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের সাথে যোগাযোগের চেস্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এমআর-২