বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকায় পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছেন এসআরবির সদস্যরা।
রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী স্থান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
এর আগে একই দিন সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে রাখেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, এসআরবি খুলনা-৬-এর বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কীভাবে সেখানে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এইচএসএস