গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র রুমন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এএইচএম রেজাউল করিম ছানা এবং তার ছেলে নাসিরুল আহসান আকিব।
বুধবার (১ জুলাই) র্যাবের সহযোগিতায় গাজীপুরের মাওনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৭ জুন গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনীর পূর্ব পিয়ারাপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাকবিতণ্ডার একপর্যায়ে কলেজছাত্র রুমন নিহত হন। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত বাবা-ছেলে আত্মগোপনে ছিলেন। পরে র্যাবের সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের মাওনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনও উপস্থিত ছিলেন।
এসআর