জেরুজালেমের আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইহুদি দখলদাররা। জেরুজালেম গভর্নরেট জানায়, বুধবার (০১ জুলাই) বেশ কয়েক ডজন অবৈধ বসতি স্থাপনকারী মসজিদ চত্বরে হামলা চালিয়ে উসকানিমূলক পরিভ্রমণ ও আচার-অনুষ্ঠান পালন করেছে।
এ সময় আল-আকসা মসজিদে জোরপূর্বক তাদের প্রবেশে ইসরায়েলি পুলিশ সুরক্ষা দেয় বলে জানিয়েছে আল জাজিরা। সংবাদমাধ্যমটি ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে জানিয়েছে, বসতি স্থাপনকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে তালমুদীয় আচার-অনুষ্ঠান পালন করে।
আল-আকসা মসজিদ চত্বরটি পূর্ব জেরুজালেমের একটি মালভূমিতে অবস্থিত, যা ইসরায়েল ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে দখল করে নেয়। তবে, ইসরায়েলের এই পদক্ষেপটি আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগই স্বীকৃতি দেয়নি। এই মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান।
মুসলিমদের জন্য, এই চত্বরে রয়েছে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ। এছাড়া রয়েছে ডোম অফ দ্য রক। তবে ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে থাকে এবং তারা দাবি করে যে, এখানে দুটি প্রাচীন ইহুদি ধর্মীয় উপাসনালয় ছিল।
এমআর-২