বিশ্বকাপে মাঠে লাল কার্ড দেখলে সাধারণত হতাশাই নেমে আসে সমর্থকদের মনে। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের জন্য সেই হতাশাই পরিণত হলো অবিশ্বাস্য এক আনন্দে। মার্কিন ফুটবলার ফাউল করে লাল কার্ড হজম করায় সমর্থকেরা পাচ্ছেন প্রায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার!
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ঠিক সেই মুহূর্তেই সক্রিয় হয়ে যায় জনপ্রিয় পিজ্জা ব্র্যান্ড ডোমিনোজের একটি আলোচিত মার্কেটিং অফার। ফুটবল সমর্থকেরাও পেয়ে যাচ্ছেন অপ্রত্যাশিত দামি উপহার।
প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্বকাপ শুরুর আগেই এই উপহারের কথা জানিয়েছিল ডোমিনোজ। তাদের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্র দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলেই তারা সমর্থকদের ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা) মূল্যের ‘ইমার্জেন্সি পিজ্জা’ ফ্রি দেবে।
এবার বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগুন লাল কার্ড দেখায় সেই সুযোগ পেয়ে যাচ্ছেন ভক্তরা। পরে ডোমিনোজ ঘোষণা দেয়, তারা লটারির মাধ্যমে ৬০ হাজারের বেশি সমর্থককে নির্বাচিত করবে এবং এদের প্রত্যেকে একটি মাজারি আকারের পিজ্জা বিনামূল্যে দেওয়া হবে।
গত ১৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডোমিনোজ থেকে বলা হয়েছিল, ‘আমরা ভক্তদের বিনামূল্যে পিজ্জা জেতার সুযোগ দিচ্ছি। ফুটবলপ্রেমীরা জানেন, নিজের পছন্দের দলের লাল কার্ড পাওয়া খুব কষ্টের বিষয়। আমেরিকান স্কোয়াডের সাথে এমনটা ঘটলে, সেই কষ্ট কিছুটা লাঘব করতে ডোমিনোজ ইমার্জেন্সি পিজ্জা নিয়ে হাজির হবে।’
প্রতিষ্ঠানটি থেকে বলা হয়, ‘এই উপহার হয়তো ম্যাচের ফলাফল বদলে দেবে না, তবে সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে একটি সুস্বাদু আনন্দদায়ক অনুভূতি অবশ্যই এনে দিতে পারে।’ যুক্তরাষ্ট্রের ফুটবলার বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখলেও শেষ পর্যন্ত দশজনের দল নিয়ে জয় নিশ্চিত করেছিল তারা।
এবি