পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থা সুবিধাভোগীদের হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, “পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে, দেশের বিদ্যুৎ ব্যবস্থা সুবিধাভোগীদের হাতে তুলে দিয়েছে। দেশে আজ এমন একটি অর্থনৈতিক অবস্থা তৈরি করেছে যে, তারা বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করে নিজেরা বিদেশে আরামে জীবনযাপন করছে। মনে রাখতে হবে, এই অবস্থায় দেশের মানুষের আকাঙ্ক্ষাকে আমাদের সম্মান করতে হবে, দেশের মানুষের চাহিদাকে আমাদের শ্রদ্ধা জানাতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের মানুষের প্রতিটি দাবি ও চাহিদার প্রতি খেয়াল রেখে বিএনপির সব নেতা-কর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যার সমাধানে সহযোগিতা করতে হবে। যারা চিকিৎসা করতে পারেন না, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যারা সন্তানদের পড়াশোনা করাতে পারেন না, তাদের পড়াশোনার সুযোগ করে দিতে হবে। আর যারা দিন এনে দিন খান, দুবেলা খাবারের সুযোগ পান না, তাদের খাবারের সংস্থান করার দায়িত্ব বিএনপির নেতা-কর্মীদের নিতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এনআই