মেয়ের মৃত্যুর ঘটনায় করা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় বিলকিস বেগম (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে তার জামাই আল-আমিন (২৩) ও তার তিন সহযোগীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত বিলকিস ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের হারুন বিশ্বাসের স্ত্রী। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত বিলকিস বেগম জানান, মঙ্গলবার মামলার ধার্য তারিখ থাকায় বিলকিস আদালতে হাজির হন। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে বিকেল ৫টা ৩৫ মিনিটে শংকরপুর বটতলা মসজিদের সামনে পৌঁছালে আল-আমিন ও তার আরও তিন সহযোগী মোটরসাইকেলে এসে তার গতিরোধ করেন।
এ সময় তারা বিলকিসকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। কিন্তু তিনি মামলা তুলতে রাজি না হওয়ায় আল-আমিন চাকু দিয়ে তার ডান ও বাম হাতে আঘাত করে পালিয়ে যায়। এতে দুই হাতেই রক্তাক্ত কাটা জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ছুরিকাঘাতে আহত বিলকিসের অবস্থা গুরুতর হলেও তিনি আশঙ্কামুক্ত। মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
হাসপাতালে দায়িত্বে থাকা পুলিশ সদস্য মনির হোসেন জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
এনআই