সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ উন্নত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরির আবাসন সংকট নিরসনে পৃথক 'ছাত্রী পাঠকক্ষ' উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) কলেজের শহীদ তৌহিদুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের নিচ তলায় লাইব্রেরীর নামফলক উন্মোচন, ফিতা কাটা ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এই নতুন পাঠকক্ষের শুভ উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর মোহাম্মদ,গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জি এম শহীদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুস সালাম,ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কামরুননেছা। এ ছাড়াও কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং একর্মচারী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ বলেন, 'দীর্ঘদিন ধরে এই কলেজে চাকরি করা এবং স্থানীয় হওয়ার সুবাদে কলেজের সমস্যাগুলো সম্পর্কে আমি অবগত। নানাবিধ সীমাবদ্ধতা ও সীমিত সামর্থ্যের মধ্যেও আমরা এই ছাত্রী পাঠকক্ষ চালু করতে পেরেছি। বিএম কলেজের শিক্ষার্থীদের উন্নত মানসিকতা ও মেধা বিকাশে আমরা বদ্ধপরিকর।
তিনি আরও আশ্বাস দেন যে, দ্রুতই পাঠকক্ষে আধুনিক প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে এবং এটিকে সেমিনার ও কর্মশালা (ওয়ার্কশপ) পরিচালনার উপযোগী হিসেবেও প্রস্তুত করা হবে।
ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূর মুহাম্মদ বলেন, আমি এই কাজটি পরিচালনা করার সময় থেকেই শিক্ষার্থীরা অধ্যক্ষ মহোদয় প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে যে স্যার অল্প সময়ের মধ্যেই কলেজে গতি সঞ্চার করে দিয়েছেন । অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় এরকম একটি শিক্ষার্থীবান্ধব কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পেরে আমি আল্লাহর নিকট শুকরিয়া জানাই।
এসময় শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যাক্ত করে গনিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী পিয়াংকা বলেন, নারী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এমন পদক্ষেপ গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। কলেজ প্রশাসনকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।
নতুন ছাত্রী পাঠকক্ষ পেয়ে আনন্দ প্রকাশ করার পাশাপাশি কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানান সাধারণ শিক্ষার্থীরা।
এসআর