সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছেলেদের সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে পুকুরের মাছ চুরি ও অবৈধ দখলের প্রতিবাদ করায় আসিফ নামে এক আবাসিক শিক্ষার্থীকে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রাক্তন ছাত্র নজরুল ইসলামের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক (হোস্টেল সুপার) মিজানুর রহমানকে লাঞ্ছিত করে নজরুল।
বর্তমানে আহত শিক্ষার্থী আসিফ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দিয়েছেন বিএম কলেজ প্রশাসন।
ছাত্রাবাস সূত্রে জানা যায়, পুকুরের মাছ চুরি ও অবৈধ রুম দখলের পুরনো ইস্যু নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত প্রাক্তন ছাত্র নজরুল ইসলাম (অর্থনীতি বিভাগ, ২০১৫-১৬ সেশন) ক্ষিপ্ত হয়ে ওঠেন। বাগবিতণ্ডার তীব্রতার একপর্যায়ে নজরুল ক্রিকেট স্টাম্প দিয়ে আবাসিক শিক্ষার্থী আসিফের মাথায় সজোরে আঘাত করেন। এতে আসিফ রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
শিক্ষার্থীর ওপর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সুরেন্দ্র ভবন ছাত্রাবাসের হোস্টেল সুপার মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘটনার প্রতিবাদ জানালে ও নজরুলকে থামানোর চেষ্টা করলে অভিযুক্ত নজরুল তার কোনো কথা না শুনে উল্টো হোস্টেল সুপারের সঙ্গে চরম উদ্ধত আচরণ করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
পরবর্তীতে হোস্টেল সুপার মিজানুর রহমান অন্য সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় অচেতন অবস্থায় আসিফকে উদ্ধার করে দ্রুত বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবেরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুব দুঃখজনক। এরকম ঘটনা কখনোই গ্রহণ করা যায়না। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নজরুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এদিকে হলের ভেতরের সাধারণ শিক্ষার্থীর ওপর বর্বরোচিত হামলা এবং শিক্ষকের সমতুল্য হোস্টেল সুপারের ওপর লাঞ্ছনার ঘটনায় সুরেন্দ্র ভবন ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অছাত্র ও অবৈধ দখলদারদের দ্রুত গ্রেফতার ও স্থায়ীভাবে হল থেকে বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা একাট্টা হচ্ছেন।
এসআর