রাজধানীর ঢাকায় এতিম শিশুদের সাথে ব্যতিক্রমধর্মী চ্যারিটি ইফতার আয়োজন করেছে মাস্তুল ফাউন্ডেশন। শনিবার (১৪ মার্চ) গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে “চ্যারিটি ইফতার উইথ কিডস-২০২৬” শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়।
মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এতিম শিশুদের সাথে ইফতার করে তাদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিবআব্দুন নাসের খান।
এসময় তিনি বলেন, এতিম ও অসহায় মানুষের কল্যাণে মাস্তুল ফাউন্ডেশন দেশ ও দেশের বাইরে প্রশংসনীয় মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি আরও জানান, পূর্বেও তিনি মাস্তুল ফাউন্ডেশনের কিছু কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং কাছ থেকে তাদের বিভিন্ন মানবিক উদ্যোগ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। সমাজের সচ্ছল ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
এসময় মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, কাজী রিয়াজ রহমান বলেন, আমাদের সকল কার্যক্রম মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা চাই প্রতিটি শিশু—এতিম বা সুবিধাবঞ্চিত—সমাজে অবহেলিত বা পিছিয়ে না পড়ে। তাদের শুধু খাদ্য ও আশ্রয় নয়, প্রয়োজন ভালোবাসা, শিক্ষা, আনন্দ এবং আত্মবিশ্বাস। আমরা চাই তারা বড় হয়ে দায়িত্বশীল, মানবিক মূল্যবোধে সম্পন্ন ও সম্ভাবনাময় মানুষ হিসেবে সমাজের জন্য দাঁড়াতে পারে। আমাদের প্রতিটি উদ্যোগের লক্ষ্য তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব, করপোরেট সেক্টরের প্রতিনিধিগণ এবং মাস্তুল ফাউন্ডেশনের সম্মানিত দাতা ও শুভাকাঙ্ক্ষীরা।
এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল আল যাকাত সাদাকা ফাউন্ডেশন, আল মিনারাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং রেডি বাংলাদেশসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
উল্লেখ্য, মাস্তুল ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বনামধন্য ও সেবামূলক জাতীয় প্রতিষ্ঠান। বিগত এক দশকেরও বেশি সময় ধরে মাস্তুল ফাউন্ডেশন দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। আমাদের মানবিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো: করোনা মহামারির সময় দাফন সেবা প্রদান; ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ; এবং ২০২৩ সালের তুরস্কের ভূমিকম্পে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান। মাস্তুল ফাউন্ডেশনের অন্যতম সফল প্রকল্প "যাকাত স্বাবলম্বী" এর মাধ্যমে অসংখ্য অসহায় ব্যক্তি ও যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যা তাদের আত্মনির্ভরশীল করে তুলছে। রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিদিন বিনামূল্যে অসহায় ও সুবিধাবঞ্চিতদের একবেলার খাবার পৌঁছে দিচ্ছে. এছাড়াও, ঢাকার হাজারীবাগ বারইখালি এলাকায় নিজস্ব মাদ্রাসা, সেল্টারহোম, এতিমখানা ও মেহমানখানা রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) আইন অনুসারে মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো পরিমাণ যাকাত, দান বা সাদাকা আয়করমুক্ত। অর্থাৎ মাস্তুল ফাউন্ডেশনে দান করা অর্থ; দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে। গেজেট : mastul.net/gov-tax-rebate
এবি