নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় সরকারি এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই আদেশে দেশের ৪২টি জেলায় জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
রবিবার সন্ধ্যায় ইফতারের ঠিক আগ মুহূর্তে এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদের ছবি ও অভিনন্দন বার্তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হারুনুর রশিদ আজাদ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে অনেক সাফল্যের স্মৃতি। ছাত্র রাজনীতি দিয়ে শুরু করে তিনি জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই নেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালীন নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হন। জননন্দিত নেতা হিসেবে তিনি দুই দফায় মেয়রের দায়িত্ব পালন করেন।
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিযুক্তির খবরে হারুনুর রশিদ আজাদ মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে জেলাবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।
এনআই