যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে এক রিকশাচালক খুন হয়েছেন।
রবিবার (১৫ মার্চ) রাতে সদর উপজেলার রামনগরের ভাটপাড়ার প্রাইম ব্রিকসের (ইটভাটা) পাশে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে খুন করে রিকশা ছিনিয়ে নিয়ে গেছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।
নিহত আলমগীর হোসেন যশোর শহরের চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয় পথচারী গোলাম রাব্বি জানান, রাত পৌনে ৮টার দিকে ভাটপাড়ার প্রাইম ইটভাটার অদূরে রাস্তার পাশে আলমগীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আলমগীরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো রোববারও রিকশা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন আলমগীর। রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশী দুর্বৃত্তরা আলমগীরকে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে। পুলিশের একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
এনআই