মুন্সিগঞ্জের গজারিয়ায় ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া ঘাট এলাকায় একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে ঘাটের পাশের একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা আগেভাগে সটকে পড়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, র্যাব কর্তৃক উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সরঞ্জামগুলো বুঝে পাওয়ার পর এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনআই