জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য, মানবতা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে জেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে নজরুল বর্ষ-২০২৬।
বৃহস্পতিবার (২ জুলাই) জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, নজরুল বর্ষ উদযাপনের মূল লক্ষ্য জাতীয় কবির সাম্য, মানবতা, দ্রোহ ও অসাম্প্রদায়িকতার চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ করা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত শুধু সৃজনশীলতার অনন্য নিদর্শন নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবমুক্তির আহ্বান এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার এক চিরন্তন প্রেরণা। বর্তমান সময়েও তাঁর দ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার দর্শন সমানভাবে প্রাসঙ্গিক।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাঁর সাম্য, মানবতা, সহনশীলতা ও দেশপ্রেমের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ধারণ করতে পারলেই বৈষম্যহীন, উদার ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানের শেষপর্বে নজরুলসংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে জাতীয় কবির সৃষ্টিকর্মের নান্দনিক সৌন্দর্য, মানবপ্রেম ও চিরন্তন আবেদন দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা হয়।
এনআই