বিয়ের মাত্র ১১ দিনের মাথায় সুনামগঞ্জে জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ জয়া দাস সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কলোতা গ্রামের নিপেশ দাসের মেয়ে। তার স্বামী চয়ন তালুকদার (২৬) একই উপজেলার পুটিয়া গ্রামের বাসিন্দা হেমেন্দ্র তালুকদারের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, নবদম্পতি কয়েকদিন আগে সুনামগঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের জামাইপাড়ায় চয়ন তালুকদারের কাকার বাড়িতে বেড়াতে আসেন। সেখানে অবস্থানকালে শনিবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি সুনামগঞ্জ সদর মডেল থানায় জানানো হয় এবং একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, জয়া দাসকে কোথাও দেখা গেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৬০৯৯২১৪৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। নববধূকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
ইখা