মাদারীপুরে আলমগীর হাওলাদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে সদর থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারীরা। রবিবার (১৫ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের স্বজনসহ কয়েক শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে মানববন্ধন করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা মাদারীপুর সদর থানার সামনে যান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা আলমগীর হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার ও জেলা ছাত্রদলের সদস্যসচিব কামরুলসহ জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পরে পুলিশ দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।”
উল্লেখ্য, গত ১০ মার্চ সকালে নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলমগীর হাওলাদার নিহত হন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের ঘটনায় বজলু হাওলাদার, সম্রাট ফকির ও মোখলেস হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
ইখা