মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় জমে উঠেছে টুপি, আতর, সুরমা, তসবিহ ও জায়নামাজের বাজার। ঈদ যত ঘনিয়ে আসছে, এসব দোকানে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়।
রবিবার (১৫ মার্চ) সরেজমিনে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন মার্কেট ও ফুটপাত ঘুরে দেখা যায়, টুপি ও আতরের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। ক্রেতারা নিজেদের এবং পরিবারের সদস্যদের জন্য টুপি-আতর কিনছেন। বয়স্কদের জন্য কেনা হচ্ছে সুরমা ও জায়নামাজ।
ঈদের নামাজে আতর ও সুরমা ব্যবহারের ধর্মীয় গুরুত্ব থাকায় অনেকেই এসব সামগ্রী কিনছেন বলে জানান ব্যবসায়ীরা। ফলে ঈদের দিন সকাল পর্যন্ত এসব পণ্যের কেনাবেচা চলবে বলে ধারণা করা হচ্ছে।
বাজারে ১০ টাকা থেকে শুরু করে প্রায় ৫০০ টাকা পর্যন্ত দামের বিভিন্ন ধরনের টুপি পাওয়া যাচ্ছে। দেশীয় টুপির পাশাপাশি পাকিস্তানি, ভারতীয়, চীনা ও মিশরীয় টুপির চাহিদা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া মাস্টারপাড়া এলাকার বাসিন্দা শেখ সাইফুল আজম শাহীন বলেন, “ঈদে নতুন পাঞ্জাবির সঙ্গে নতুন টুপি ও আতর ব্যবহার করলে আলাদা ভালো লাগে। তাই পরিবারের জন্য পাঞ্জাবি কেনার পর আতর ও টুপি কিনলাম।”
স্থানীয় বিক্রেতারা জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা—দুই ঈদেই টুপি, আতর ও জায়নামাজের চাহিদা বেশি থাকে। রমজানের মাঝামাঝি সময় থেকে এসব পণ্যের বিক্রি বাড়তে শুরু করে।
ব্যবসায়ীরা আরও বলেন, এবারও ১৫ রোজার পর থেকে বেচাকেনা জমে উঠেছে। এখন পর্যন্ত বিক্রি ভালো হওয়ায় তারা সন্তুষ্ট।
ইখা