স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আজ বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। কিন্তু আলোচনা করতে দেয়া হয়নি।
সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কি-না, স্পষ্ট জবাব পাওয়া যায়নি।’
রাজপথে কর্মসূচি চলমান থাকবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। ৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি।
নাহিদ ইসলাম বলেন, ‘সরকারি দল গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো।’
এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের পক্ষের ৭০ ভাগ মানুষের রায়কে প্রশ্নবিদ্ধ করেছেন। তারাও গণভোটের হ্যাঁয়ের পক্ষে প্রচার চালিয়েছিলেন। কিন্তু তারা দ্বিচারিতামূলক আচরণ করছেন।
এইচএ