কুমিল্লার দাউদকান্দি উপজেলা পৌর সদর বাজারে গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে পৌরবাজারের একটি রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা আক্তার গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিনা আক্তার তার স্বামী শাহাবুদ্দিনের সঙ্গে মনির মিয়ার রাইস মিলে চাল ভাঙাতে আসেন। পরে হলুদ ও মরিচ গুঁড়ো করার জন্য গ্রাইন্ডার মেশিনের কাছে গেলে অসাবধানতাবশত তার মাথায় থাকা ওড়না মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল হালিম জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর